শুল্ক ফাঁকি : ১০ কোটি টাকার পণ্য জব্দ

গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় অভিযান চালিয়ে ১০ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করেছে কাস্টমস বন্ড কমিশনারেট। জব্দকৃত মালামালগুলো  সৌদি আরব, কাতার, থাইল্যান্ড, তাইওয়ানসহ কয়েকটি দেশ থেকে মিথ্যা তথ্যের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি করা হয়েছে বলে জানা গেছে।

কাস্টমস বন্ড কমিশনারেটের সহকারী কমিশনার আল আমিন জানান, ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের কর্মকর্তারা গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার রাতে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় অভিযান চালান। অভিযানে একটি ওয়্যারহাউস গোডাউন থেকে সৌদি আরব, কাতার, থাইল্যান্ড, তাইওয়ান প্রভৃতি দেশ থেকে আমদানিকৃত বিপুল পরিমাণ পিপি দানা, এলডিপিই, এলএলডিপিই, পলিস্টাইরিন, এডহেসিভ টেপ, কোন, গামটেপ, বিওপিপি ফিল্ম প্রভৃতি মজুদ পাওয়া যায়। এসব পণ্য বন্ড সুবিধায় আমদানিপূর্বক অবৈধ অপসারণের মাধ্যমে চোরাই পথে খোলাবাজারে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল।

তিনি আরও জানান, স্থানীয় কাউন্সিলর মকবুল মোক্তারের উপস্থিতিতে আটককৃত মালামাল ও ওয়্যারহাউস সিলগালা করে দেওয়া হয়েছে। আটক পণ্যের মূল্য প্রায় ১০ কোটি টাকা। যার ওপর প্রযোজ্য শুল্ক করাদির পরিমাণ প্রায় ৬ কোটি টাকা। এ বিষয়ে দ্য কাস্টমস অ্যাক্ট, ১৯৬৯ অনুসারে আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

কাউন্সিলর মকবুল মোক্তার জানান, কাস্টম ও পুলিশ বিভাগ শুক্রবার দিনব্যাপী অভিযান পরিচালনা করে। রাত ১০টার দিকে তার উপস্থিতিতে গোডাউনটি সিলগালা করে রাখা হয়। তবে এ গোডাউনের কোনো মালিক পাওয়া যায়নি।