সমাবেশে ডিএমপি কমিশনার

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে নামছে বিশেষ টিম

ঢাকার সড়কে শৃঙ্খলা ফেরাতে শহরের প্রতিটি ইন্টারসেকশন রুটে পুলিশের বিশেষ টিম নামানো হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। গতকাল শনিবার রাজধানীর ডেমরার মাতুয়াইল এলাকায় শামছুল হক স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আগামীকাল (আজ রবিবার) থেকে এক সপ্তাহ ঢাকা শহরে যত ইন্টারসেকশন আছে, সবগুলোতে স্পেশাল পুলিশ দাঁড় করিয়ে দেওয়া হবে। যদি কোনো গাড়ি প্রতিযোগিতা করে, রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করে, কৃত্রিম যানজট তৈরি করে, স্টপ লাইন বরাবর গাড়ি দাঁড় করায়, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে পুলিশের বিশেষ এ টিম। সিটি করপোরেশন, বিআরটিএ, ডিটিসিএর সঙ্গে সমন্বয় করে আমরা কাজগুলো করব। আমরা শুধু আইন প্রয়োগ করি।’

সমাবেশে সামছুল হক খান স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান মাহফুজুর রহমান মোল্লা, প্রিন্সিপ্যাল ড. মাহবুবুর রহমান মোল্লা ও ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়সহ অনেকে উপস্থিত ছিলেন।