ডাকসুর ভোট বাতিল চেয়ে কঠোর কর্মসূচির হুমকি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব নেওয়ার প্রতিবাদ জানিয়েছে বেশ কয়েকটি ছাত্রসংগঠন। গতকাল শনিবার দুপুরে ডাকসু ভবনে কমিটির সভা চলাকালে বাইরে লালকার্ড প্রদর্শন, কালো ব্যাজ ধারণ ও মৌনমিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনগুলো। এ ছাড়া ১১ মার্চের নির্বাচন দ্রুত বাতিল করে নতুন নির্বাচন না দিলে বৃহত্তর কর্মসূচিতে যাওয়ার ঘোষণা দিয়েছে তারা।    

গতকাল বেলা ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামানসহ ডাকসুর নবনির্বাচিত কমিটির ২৫ জন দায়িত্বভার গ্রহণের জন্য সভায় বসেন। একে কেন্দ্র করে সকালে রাজু ভাস্কর্য এলাকায় লালকার্ড প্রদর্শন করে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্র ঐক্য। একই ঘটনায় ছাত্রদল দুপুর ১২টায় ডাকসু ভবনের সামনে থেকে হাকিম চত্বর পর্যন্ত মৌনমিছিল করে। এ সময় বুকে কালো ব্যাজ ধারণ করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ ছাড়া পৃথক কর্মসূচিতে অংশ নেয় ছাত্র ফেডারেশন ও জাসদ ছাত্রলীগ।

কর্মসূচিতে অংশ নেওয়া ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজির বলেন, ‘কলঙ্কজনক নির্বাচনের দায় প্রশাসনকে নিতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলব।’ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, ‘আমরা আজকে লালকার্ড প্রদর্শন করেছি পুরো নির্বাচন প্রক্রিয়াকে এবং ২৮ মার্চ এই দাবিতে চ্যান্সেলর বরাবর পদযাত্রা করব।’