মালিতে গুলি করে ও কুপিয়ে ১১৫ মুসলিমকে হত্যা

মালির মধ্যাঞ্চলে একটি গ্রামে অস্ত্রধারীদের হামলায় কমপক্ষে ১১৫ জন ফুলানি জাতিগোষ্ঠীর মুসলিম নিহত হয়েছেন।

শনিবার ভোরে ফুলানি জাতিগোষ্ঠীকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

পার্শ্ববর্তী ওউয়েঙ্কোরোর মেয়র চেইক হারুনা সাঙ্কারে বলেন, এই হামলায় ওগোসাগোউ গ্রামে ১১৫ জন নিহত হয়েছে।

তিনি বলেন, দোগান হান্টার জাতিগোষ্ঠীর অস্ত্রধারীরা ফুলানিদের গ্রামে বেসামরিক মানুষের ওপর ব্যাপক হত্যাযজ্ঞ চালিয়েছে।

নিরাপত্তা সূত্র জানায়, হামলাকারীরা গুলি করে ও কুপিয়ে গ্রামবাসীদের হত্যা করে।

দুই প্রত্যক্ষদর্শী পৃথকভাবে জানায়, গ্রামের প্রায় সব বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় মালির সেনাবাহিনী বিকেলে ঘটনাস্থলে ছুটে যায়।

হামলা থেকে বেঁচে যাওয়া লোকজন এই হামলার জন্য দোগান হান্টারদের দায়ী করেছে। বারকিনো ফাসোর সীমান্তবর্তী অঞ্চলটিতে প্রায়ই সাম্প্রদায়িক দাঙ্গা ও সহিসংতা দেখা দেয়।