‘যে ছিল দৃষ্টির সীমানায়’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়’, ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘একতারা তুই দেশের কথা বল রে আমায় বল’, ‘সাগরের তীর থেকে’, ‘খোলা জানালা’, ‘পারি না ভুলে যেতে’, ‘ফুলের কানে ভ্রমর এসে’, ‘আমি তো আমার গল্প বলেছি’, ‘আমায় যদি প্রশ্ন করে’- এ রকম অসংখ্য গান দিয়ে অগণিত শ্রোতার মন জয় করেছেন শাহনাজ রহমতউল্লাহ। শনিবার রাত সোয়া ১টার দিকে রাজধানীর বারিধারার নিজ বাসায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই গুণী শিল্পী। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়েছেন সংগীতাঙ্গনের তারকারা।
গীতিকার মাজহারুল আনোয়ার বলেন, ‘শাহনাজ রহমতউল্লাহ বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। গানের মাধ্যমে তিনি দেশের নাম উজ্জ্বল করেছেন। তাকে আমার বাংলা গানের ব্রান্ড অ্যাম্বাসেডর মনে হয়। তার এই মৃত্যু সত্যিই বেদনার।’
ফাহমিদা নবী বলেন, ‘কিছু বুঝতে পারছিনা, কষ্ট হচ্ছে। যার গান শুনে গান গেয়ে বড় হয়েছি, যার সরলতা গানে পেয়েছি তাকে হারিয়েছি আজ।এটা সত্যিই বেদনার। তার আত্মার মাগফেরাত কামনা করছি।’
শাহনাজ রহমতউল্লাহর গানের কথা ফেসবুকে লিখে কণ্ঠশিল্পী আঁখি আলমগীর বলেন, ‘সে হারাল কোথায় কোন দূর অজানায়’ মহান শিল্পী শাহনাজ রহমতুল্লাহর প্রস্থান এক অপূরনীয় ক্ষতি।’