আন্দোলন করে নয়, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই একমাত্র খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে রাজশাহী আদালতে অ্যাডভোকেটদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে। যা বিএনপি কখনই পারেনি। আর এখন দেশে প্রতিহিংসার রাজনীতি হয় না।
অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, রাজশাহীতে হাইকোর্টের সার্কিট বেঞ্চের প্রয়োজনীয়তা থাকলে তা অবশ্যই স্থাপন করা হবে।
এর আগে মন্ত্রী রাজশাহীর আদালত চত্বরে অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় অ্যাডভোকেটদের দাবির প্রেক্ষিতে ভবন নির্মাণে বরাদ্দ পাওয়া সাপেক্ষে ৩ কোটি টাকা দেওয়াসহ বার ভবনে লাইব্রেরি স্থাপনের জন্য আগামী ৭ দিনের মধ্যে ১৫ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন আইনমন্ত্রী আনিসুল হক।
এ সময় রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাসহ বিচারক ও আইনজীবীরা উপস্থিত ছিলেন।