নগ্ন অবস্থায় বিমানে চড়তে চেয়েছিলেন তিনি। এমনকি সবার সামনে পোশাকও খুলে ফেলেন রাশিয়ার এই নাগরিক। নগ্ন হয়েই টিকেট চেকের জন্য লাইনে দাঁড়িয়েন যান অন্যদের সঙ্গে।
রুশ সংবাদমাধ্যম আরটি জানায়, শনিবার মস্কোর দোমোদেদোভো বিমানবন্দরে এ ঘটনা ঘটে। ক্রিমিয়ার উদ্দেশে নগ্ন হয়ে বিমানে চড়তে চাওয়া ওই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যান্য দিনের মতো ক্রিমিয়ার সিম্ফারোপোল শহরের ফ্লাইটের জন্য মানুষ লাইনে দাঁড়ান। কিন্তু শনিবার টিকেট চেকের জন্য লাইনে দেখা যায় এই ব্যক্তিকে। তার আগে সবার সামনে শরীরের পোশাক সব খুলে ফেলেন।
তবে কী কারণে এমন অদ্ভুত কাণ্ড ঘটালেন তিনি সেটি স্পষ্ট নয়। এক প্রত্যক্ষদর্শী তাকে এ কথা বলতে শুনেছেন, “উড়তে গিয়ে কাপড় রাখা শরীরের জন্য খারাপ। অতএব নগ্ন হয়ে উড়া ভালো।”
এদিকে তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার মানসিক অবস্থা পরীক্ষা করা হচ্ছে। তবে তার পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছুই বলেনি পুলিশ। তার বয়স ৩৮ বছর বলে জানা গেছে এবং তার জন্ম সাইবেরিয়ায়।