‘শহরে নতুন’ এমন নারী যাত্রীদের টার্গেট করা হয়

রাজধানীর আবদুল্লাহপুরে এক নারী যাত্রীকে অপহরণ ও  শ্লীলতাহানি চেষ্টার অভিযোগে ক্লাসিক পরিবহনের চালকসহ তিন কর্মচারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)।

গ্রেপ্তার করা হয়েছে বাইপাইল-আবদুল্লাহপুর-মহাখালী রুটে চলাচলকারী ক্লাসিক পরিবহনের চালক মো. খলিল মিয়া, সহকারী রাকিব হোসেন ও সুপারভাইজার মেহেদী হাসান বাবু।

রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে র‌্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম জানান, গত শনিবার আবদুল্লাহপুর বাসস্ট্যান্ডের কাছে নির্জন জায়গায় একজন নারী যাত্রীকে অপহরণ করে তার শ্লীলতাহানির চেষ্টা চালায়। এমন অভিযোগ পাওয়ার পরপরই বাসের তিন কর্মচারীকে গ্রেপ্তার ও বাসটি জব্দ করা হয়েছে।

নারী যাত্রী র‌্যাবের কাছে জানিয়েছেন, তিনি ঢাকায় নতুন। রাস্তাঘাট চেনেন না। ঘটনার দিন আশুলিয়ার বাইপাইল থেকে নবীনগর যাওয়ার উদ্দেশ্যে বাইপাইল বাস স্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় আশুলিয়া ক্লাসিক পরিবহনের বাসটি তার সামনে থামে। সহকারী গন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি নবীনগর যাওয়ার কথা বলেন।

র‌্যাব অধিনায়ক সারোয়ার বলেন, বাসের সহকারী রাকিব হোসেন ওই নারী যাত্রীকে নবীনগর নামিয়ে দেওয়ার কথা বলে বাসে তোলেন। কিন্তু নবীনগর না গিয়ে বাস সরাসরি আবদুল্লাহপুরে নিয়ে যাত্রীদের নামিয়ে দিয়ে বলেন, বাস আর যাবে না। এ সময় নারী ভিকটিমও অন্যান্য যাত্রীদের সঙ্গে সেখানে নেমে যান। এলাকা অপরিচিত হওয়ায় কিছু দূর গিয়ে দাঁড়িয়ে যান। বাসের সব যাত্রী নেমে গেলে আসামিরা ওই নারী যাত্রীকে আবারও জোর করে বাসে তুলে শ্লীলতাহানির চেষ্টা চালায়। 

র‌্যাব অধিনায়ক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, শহরে নতুন বা অপরিচিত নারী যাত্রীদের টার্গেট করে তারা  ভুল গন্তব্যে নিয়ে নির্জন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটিয়ে থাকে । এ ক্ষেত্রে যে বাসকে তারা ব্যবহার করে সেই বাসের কোন বৈধ কাগজপত্র নেই। এমনকি চালকের কোন লাইসেন্স ছিল না।