ভোট দিলেন শিক্ষামন্ত্রী

উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অন্য ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল রবিবার সকাল পৌনে ৯টায় তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়নের কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল মামুন বলেন, ‘দীপু মনি মন্ত্রী হয়েও নীতি বজায় রেখে সাধারণ মানুষের একই কাতারে দাঁড়িয়ে ভোট দেওয়ায় খুশি ভোটাররা। এতে ভোট দিয়ে আগ্রহী হয়ে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে আসেন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে।’ খোঁজ নিয়ে জানা যায়, কামরাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছে ৩ হাজার ৬৪৫ জন। মন্ত্রী যখন ভোট দেন, তখন ৩ শতাংশের মতো ভোট পড়ে।

চাঁদপুর জেলার সাত উপজেলায় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চাঁদপুর সদরসহ অন্যান্য উপজেলায় দুপুর ১২টা পর্যন্ত ১০ ভাগও ভোট পড়েনি। অধিকাংশ ভোটকেন্দ্রেই ভোটারদের চেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশি দেখা যায়। চাঁদপুরের জেলা প্রশাসক মাজেদুর রহমান জানান, জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। প্রশাসন সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তৎপর রয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শওকত ওছমান জানান, চাঁদপুরে সাতটি উপজেলায় মোট ভোটার ১৭ লাখ ২৭ হাজার ৩৩৪ জন। ৬৪৯টি ভোটকেন্দ্রের ৪ হাজার ৮৭টি কক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে। নির্বাচনে এরই মধ্যে চাঁদপুরের তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এ ছাড়া দুটি উপজেলায় একজন ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।