রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় তেঁতুলিয়া বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মোটরসাইকেল আরোহীর মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়েছে।
মিরপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই অজিত কুমার রায় জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসচালককে আটক করা গেছে। তবে নিহতের পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, তেঁতুলিয়া পরিবহনের দ্রুতগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী রাস্তার মধ্যে ছিটকে পড়েন। এসময় লোকজন বাস চালককে আটক করে পুলিশে সোপর্দ করে।
রাজধানীর প্রগতি সরণিতে যাত্রী পারাপারের জেব্রা ক্রসিংয়ে সুপ্রভাত পরিবহনের একটি বেপরোয়া বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহতের ঘটনার সপ্তাহের মাথায় এ ঘটনা ঘটল।
ওই দুর্ঘটনার পর পরই বিক্ষোভে ফেটে পড়েন ওই এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তারা ৮ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। দুদিন অবরোধ কর্মসূচি পালনের পর কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।