নির্বাচনী প্রচারে হতাশ করলেন নুসরাত

ভারতের সাধারণ নির্বাচনে পশ্চিমবঙ্গের তৃণমূলের হয়ে বসিরহাট কেন্দ্রে লড়ছেন নায়িকা নুসরাত জাহান। সম্প্রতি প্রচারণায় গিয়ে হতাশ করলেন উপস্থিত জনতাকে।

আনন্দবাজার পত্রিকা জানায়, অনেকে ভেবেছেন নুসরাত মঞ্চে হয়তো দু-এক কলি গান শোনাবেন বা জনপ্রিয় কোনো সিনেমার সংলাপ বলবেন। কিন্তু তার ধারে-কাছেও গেলেন না শাকিব খানের ‘নাকাব’ সিনেমার নায়িকা।

এর বদলে নুসরাত প্রথামাফিক বললেন, ‘‘আপনাদের উপস্থিতিতে আমার মন ভরে গেল। ডাকলেই হাজির হবো।’’

কয়েক বছর ধরে ওই এলাকায় আয়োজিত হচ্ছে ‘সম্প্রীতির মেলা’। বরাবরই শিল্পী তালিকায় ছিলেন নুসরাত। নাচে-গানে-সংলাপে তিনি মঞ্চ মাতালেও সবার পক্ষে টিকিট কেটে অনুষ্ঠান দেখা সম্ভব হয়নি। সেই হতাশ গ্রামবাসীর আশা ছিল, ভোট-মঞ্চের ‘নেত্রী’ নুসরাত তাদের মন ভরিয়ে দেবেন। তাই বাদুড়িয়ার এলএমএস হাইস্কুল মাঠে তৃণমূলের কর্মিসভায় অনেক মানুষ হাজির হন।

সমর্থকেরা নুসরাতকে টানা অনুরোধ জানাচ্ছিলেন, “দিদি একটা গান করুন। যাওয়ার আগে অন্তত একটা ডায়ালগ শোনান।’’ কিন্তু সাড়া দেননি তিনি।

এর আগে আরেক  কর্মিসভায় নুসরাত বলেন, ‘‘আমি মধ্যবিত্ত ঘরের সন্তান, আপনাদের ঘরের মেয়ে। অনেক কষ্ট করে বড় হয়েছি। আমাকে সুন্দরবনের মানুষের জন্য কাজ করার সুযোগ দিন।’’