বান্দরবানে ১৫ দিনের কারাদণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের জামিনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করেছেন পরিবহন শ্রমিকরা। পুলিশ, জেলা প্রশাসন এবং পরিবহন মালিক শ্রমিকদের যৌথ বৈঠকের পর সোমবার দুপুর ২টা থেকে ধর্মঘট প্রত্যাহার করা হয়।
বাস স্টেশনে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ কার্যালয়ে বৈঠক শেষে পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, “কারাদণ্ডপ্রাপ্ত ট্রাক চালকের জামিনের ব্যাপারে জেলা ম্যাজিস্ট্রেটের আদালতে আপিল করার সিদ্ধান্ত হয়েছে। সেই আপিল আবেদনে পরিবহন মালিক শ্রমিকসহ আমরা সবাই মিলে জামিনের সুপারিশ করবো। এছাড়া আলীকদমের উপজেলা নির্বাহী অফিসারকে প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দেবার সিদ্ধান্ত হয়েছে।”
বান্দরবান পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ঝন্টু কুমার দাশ বলেন, “আমাদের একজন ট্রাক চালককে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। পরে প্রশাসন, পুলিশ এবং পরিবহন মালিক-শ্রমিক বৈঠকে তার জামিনের ব্যাপারে আশ্বাস পেয়েছি। আমরা আপাতত ধর্মঘট প্রত্যাহার করে নিলাম। দুপুর দুইটা থেকে যান চলাচল স্বাভাবিক হয়ে গেছে।”
রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে বান্দরবান-কেরাণীহাট সড়কের রেইচা এলাকায় কাঠবাহী একটি ট্রাকের সঙ্গে আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের গাড়ির মুখোমুখি সংঘর্ষের উপক্রম হয়। সে সময় আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের কাছ থেকে খবর পেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নোমান হোসেন ওই ট্রাক চালককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ দিনের কারাদণ্ড দেন।
এই ঘটনার জেরে আটক ওই চালকের মুক্তির দাবি জানান পরিবহন মালিক শ্রমিকরা। পরে সোমবার সকাল ১১টা থেকে বান্দরবান-চট্টগ্রাম, বান্দরবান-কক্সবাজার ও বান্দরবান-রাঙামাটি সড়কে যান চলাচল বন্ধ করে দেয় তারা। প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকার পর এখন তা স্বাভাবিক হয়েছে।