এইচএসসির কারণে সব কোচিং বন্ধ ১ এপ্রিল থেকে

এইচএসসি পরীক্ষার কারণে ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সারাদেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

সোমবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু, সুন্দর ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে আগামী ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে।

'যেহেতু আমরা বিশেষ কোনো ব্যবস্থা নিতে পারছি না, তাই এবার সব ধরনের কোচিং বন্ধ থাকবে'।

সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে ১ এপ্রিল থেকে। এ পরীক্ষায় অংশ নেবে ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী।

তবে এর আগে  বুধবার প্রশ্নফাঁসের সঙ্গে ফ্রিল্যান্স কোচিং সেন্টারের কেউ জড়িত নন জানিয়ে করে পাবলিক পরীক্ষার সময় ফ্রিল্যান্স কোচিং সেন্টার খোলা রাখার দাবি করে অ্যাসোসিয়েশন অব শ্যাডো এডুকেশন বাংলাদেশ (এসেব)। একই সঙ্গে প্রশ্নফাঁসের শেকড় অনুসন্ধানে সরকারকে আহ্বান জানিয়ে ঢালাওভাবে কোচিং সেন্টার বন্ধ রাখার নেতিবাচক প্রভাব তুলে ধরেন অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ।

রাজধানীর ফার্মগেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শ্যাডো এডুকেশন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মো. ইমাদুল হক (ই. হক স্যার) ও যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান সোহাগ এ দাবি করেন।