আলিয়ার সঙ্গে ছেলের ঘনিষ্ঠতায় চিন্তামুক্ত নীতু

রণবীর কাপুরের প্রেমিকার তালিকা দীর্ঘ। যেখানে রয়েছেন ক্যাটরিনা কাইফ ও দীপিকা পাড়ুকোনের মতো তারকা। হালে এ নায়ক থিতু হয়েছেন আলিয়া ভাটে। গুঞ্জন উঠেছে শিগগিরই তারা বিয়ে করছেন।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মহেশ ভাটের মেয়ের সঙ্গে ছেলের ঘনিষ্ঠতায় চিন্তামুক্ত হয়েছেন রণবীরের মা নীতু সিং কাপুর। সেই খবর চাউর করলেন সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মঞ্চে রণবীর ও আলিয়াকে একসঙ্গে সেরা অভিনেতা-অভিনেত্রীর পুরস্কার নিতে দেখে উচ্ছ্বাস ধরে রাখতে পারেননি নীতু।

‘সঞ্জু’ ও ‘রাজি’তে অভিনয়ের জন্য যথাক্রমে সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার জেতেন রণবীর-আলিয়া। সেরার ট্রফি নিয়ে একসঙ্গে তারা মঞ্চে পোজও দিয়েছেন। সেই ছবিতে দেখে উচ্ছ্বসিত রণবীরের মা নীতু।

সোশ্যাল মিডিয়ায় ছবিটি পোস্ট করে নীতু লেখেন, “এই সুন্দর মুহূর্তটা যেন আমাকে সমস্ত চিন্তা থেকে মুক্তি দিল। অভিনন্দন।”

কিছুদিন আগে প্রকাশ্যে ঝগড়া করেন রণবীর ও আলিয়া। এ নিয়ে উদ্বিগ্ন হন দুই তারকার পরিবার ও ভক্ত।

এদিকে ‘রাজি’তে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতার পর সোশ্যাল মিডিয়ায় জীবনের বিশেষ মানুষ রণবীরকে ধন্যবাদ জানাতে ভোলেননি আলিয়া। অবশ্য এর আগে মঞ্চে দাঁড়িয়েই প্রেমিককে বলেন ‘আই লাভ ইউ.। যা শুনে লজ্জা পেয়ে যান ‘রকস্টার’ তারকা।

খুব শিগগিরই রণবীর-আলিয়া জুটিকে ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে দেখা যাবে। এর সিনেমায় অভিনয় করতে গিয়ে তারা প্রেমে পড়েন। কিছুদিন আগে কুম্ভমেলায় বেশ আয়োজন করে প্রকাশ হয় লোগো।