ফুটবল বিশ্বকাপের সময়ে বাংলাদেশে জার্সি কেনার হিড়িক পড়ে। সবার গায়ে শোভা পায় প্রিয় দলের জার্সি। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দলের জার্সি কিনতে ব্যস্ত থাকেন সবাই। তবে ক্রিকেট বিশ্বকাপে চিত্রটা ভিন্ন হবে সেটিই স্বাভাবিক। ক্রিকেটে যে আছে বাংলাদেশের প্রতিনিধিত্ব।
বাংলাদেশের দর্শকেরা তাই লাল-সবুজের জার্সিই গায়ে জড়াতে চায়। এবার বিশ্বকাপ শুরুর অনেক আগেই দর্শকেরা পাচ্ছেন বাংলাদেশের জার্সি গায়ে গড়ানোর সুযোগ। জাতীয় দলের রেপ্লিকা জার্সি বাজারে আনতে যাচ্ছে ‘স্পোর্টস অ্যান্ড স্পোর্টজ’। যে জার্সিকে বলা যায় ‘অফিশিয়াল’ জার্সি।
ইংল্যান্ড ও ওয়েলসে ক্রিকেট বিশ্বকাপের আসর বসবে ৩০ মে। তবে দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি হয়ে যাবে আগেই। এখনই যেমন যে কোনো ক্রিকেট আসরে কান পাতলে বিশ্বকাপ প্রসঙ্গ চলে আসছে আনমনেই।
বিশ্বকাপ জার্সি সংগ্রহ করতে নিশ্চিত ভাবে উদ্গ্রীব দর্শকেরা। সেই ভক্ত-দর্শকদের জন্য সুখবর ২৫ এপ্রিল থেকে বাজারে পাওয়া যাবে বাংলাদেশ দলের রেপ্লিকা জার্সি।
সোমবার দুপুরে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানানো হয়েছে বিস্তারিত। সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানালেন, অনেক দিন ধরেই স্পোর্টস অ্যান্ড স্পোর্টজের সঙ্গে চুক্তি হয়েছে তাদের।
তবে জার্সির দাম কত হবে সেটি এখনো নির্ধারিত হয়নি। ডিজাইন চূড়ান্ত করার পর বাকি সব ঠিক করা হবে। তবে জানানো হয়েছে, খ্যাতনামা কিছু আউটলেটের মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় এটি পৌঁছানোর ব্যবস্থা করা হবে।