ভক্ত এবং মিডিয়ার সামনে প্রায়ই মেজাজ হারান জয়া বচ্চন। একটা ক্যামেরা ও মোবাইল থাকলেই অনুমতি ছাড়া যখন-তখন ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের ওপর তো রীতিমতো ক্ষিপ্ত থাকেন তিনি। তার মতে, অনুমতি ছাড়া ছবি তোলা স্কুল, কলেজ ও বাবা-মায়ের শিক্ষার অভাব।
বলিউডের এ অভিনেত্রীকে খুব একটা হাসিমুখে দেখা যায় না। প্রকাশ্যে খুব সাবধানেও চলাফেরা করেন তিনি। গতকাল ডিজাইনার জুটি আবু জানি-সন্দীপ খোসলার পোশাক পরে এক র্যাম্পে হাঁটেন মেয়ে শ্বেতা বচ্চন। আর এতে দর্শক সারিতে ছিলেন বাবা-মা অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন। এতে জয়াকে বেশ হাসিখুশি অবস্থায় দেখা যায়।
দর্শকসারিতে বসে স্বামী অমিতাভের সঙ্গে বেশ হাস্যোজ্জ্বল মুখে আলাপ করছিলেন তিনি। এ যেন তার স্বভাব থেকে পুরো ১৮০ ডিগ্রি উল্টো চিত্র।
এক ভিডিওতে দেখা যায়, র্যাম্পে হাঁটা শ্বেতাকে দেখছিলেন বচ্চন দম্পতি। দুজনের চোখেমুখেই ছিল মেয়ের প্রতি দারুণ উৎসাহ। র্যাম্পে মেয়েকে আলো ছড়াতে দেখে জয়া বেশ উচ্ছ্বসিত। অথচ যে কোনো অনুষ্ঠানে স্বাভাবিকভাবে জয়াকে গম্ভীর চেহারায় দেখা যায়। আর গত সন্ধ্যায় সর্বদা তার মুখে হাসি লেগেই ছিল। এমনকি মেয়ের প্রতি তিনি উড়ো চুমুও পাঠান দর্শক সারি থেকে।