শিক্ষার্থীকে 'পানিতে গুলে খাওয়ার' হুমকি পুলিশের

প্রিজনভ্যানে বসা এক পুলিশ সদস্য এক শিক্ষার্থীকে 'পানিতে গুলে খাওয়ার' হুমিক দিয়েছেন। সোমবার ফেসবুকে ছাড়া এক ভিডিওতে এমনটা দেখা গেছে। এছাড়া ওই পুলিশ সদস্য শিক্ষার্থীকে 'তুই' বলেও সম্বোধন করেন।

আবিয়ান সাবেত নামে এক ফেসবুক ব্যবহারকারী তার অ্যাকাউন্টে ভিডিওটি আপ করেন সোমবার দুপুর ১টার দিকে।

তিনি ফেসবুকে লেখেন, 'পুলিশের দাম্ভিকতা দেখুন। সে বলল, স্টুডেন্টদের নাকি গোলাইয়া খেয়ে ফেলবে সে। পোস্তগোলা রোডে উল্টো পথে আসলে তার কারনে পুরা রাস্তা জ্যাম হয়ে যায়। পুলিশের আসামি বহনকারী ভ্যান কেরানীগঞ্জ এর দিকে যাচ্ছিল। উল্টো পাথে কেন আসলেন জিজ্ঞেস করতেই সে আমাকেই হুমকি ধমকি দেয়। এ দেশ এক মাত্র পুলিশের জন্য তৈরি'।

পুলিশের প্রিজনভ্যানের কারণে রাস্তায় জ্যাম বাধতে দেখা যায় ভিডিওতে। এসময় প্রিজনভ্যানটি কয়েকবার স্টার্ট নিতে গেলেও তা চালু হচ্ছিল না।

কেন উল্টোপথে গাড়ি আনা হয়েছে তা জানতে চান ভিডিও ধারণকারী। নিজেকে তিনি 'ছাত্র' বলে পরিচয় দেন। কিছুক্ষণ বাদানুবাদের পর পুলিশ সদস্যকে কটু কথা বলতে শোনা যায়।

তবে এ সময় পুলিশ সদস্য কয়েকবার ওই ছাত্র আর কিছু করে কি না তা জানতে চান। আর কিছু করে না বলার পর তিনি গালি দিতে শুরু করেন। 

উল্লেখ্য, গত বছরের ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে দুটি বাসের প্রতিযোগিতায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী আবদুল করিম ও দিয়া খানমের মৃত্যুর ঘটনায় সারা দেশে নিরাপদ সড়ক আন্দোলন গড়ে ওঠে। 
তখন শিক্ষার্থীরা পুলিশকে নিয়ে বিভিন্ন কটূক্তিমূলক ব্যানার, লিখন ইত্যাদি ব্যবহার করে।