রাজশাহীতে বিদেশি মুদ্রা জাল চক্রের চারজন সদস্যকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার সকালে নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি আবাসিক হোটেল ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের প্রধান ফটকের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
দুপুরে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে তাদের সাংবাদিকদের সামনে তাদের হাজির করে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, মাদারীপুর জেলার শিবচরের বৈকুন্টপুর এলাকার মৃত কাদির মোল্লার দুই ছেলে টুটুল মোল্লা (৪৫) ও মমতাজ উদ্দিন মোল্লা (২৮) এবং গোপালগঞ্জ আকদিয়া এলাকার মজিবুর শেখের ছেলে ইলু শেখ (৩২) ও একই এলাকার খালেক শেখের ছেলে বাবলু শেখ (৩৫)।
মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে লক্ষ্মীপুর এলাকার সেঞ্চুরি আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। সেখান থেকে গ্রেপ্তার করা হয় ইলু শেখ ও বাবুল শেখকে।
তাদের কাছে পাওয়া যায় দুইটি ১০০ রিয়ালের সৌদি আসল নোট এবং ২০১ টি জাল নোট। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে জাল মুদ্রার সাথে সংশ্লিষ্ট থাকার দায়ে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে থেকে টুটুল ও মমতাজকে গ্রেপ্তার করা হয়।
তারা বেশ কিছুদিন যাবৎ রাজশাহীতে অবস্থান করে বিদেশি জাল মুদ্রার কারবার করছিল বলে জানায় ডিবি পুলিশ।