নগরীর পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে বেড়ানো শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জারিন জাহারা (২০) নামে এক তরুণী ।
তিনি চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহীবাদ এলাকার আবুল কাশেমের মেয়ে। তার সাথে ইফতেখার আহমেদ জিসানের বিয়ে ঠিক হয়েছিল।
রবিবার রাত সোয়া এগারোটার হবু বর ইফতেখারের সাথে পতেঙ্গা সমুদ্র সৈকতে বেড়ানো শেষে ফেরার পথে পতেঙ্গা বোট ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার স্বজনদের বরাত দিয়ে বলেন, হবু বর ইফতেখার আহমদের সাথে পতেঙ্গা থেকে ফেরার সময় তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় জারিনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ আরো জানায় যে, ইফতেখারের সাথে জারিনের বিয়ে ঠিক হলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি।