ক্রাইস্টচার্চ হামলা

সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ জেসিন্ডার

ক্রাইস্টচার্চের মসজিদে হামলার ঘটনা সর্বোচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তদন্তে একটি রাজকীয় কমিশন গঠিত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এই কমিশন হামলার ঘটনা নিয়ে একটি বিস্তারিত প্রতিবেদন তৈরি করবে।

নিউজিল্যান্ডের আইন অনুযায়ী স্বাধীন তদন্তের সর্বোচ্চ স্তর রাজকীয় কমিশন। গতকাল সোমবার নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে এক সংবাদ সম্মেলনে আরডার্ন বলেন, ‘সন্ত্রাসবাদের এই ঘটনা কীভাবে ঘটল এবং কীভাবে আমরা এটি থামাতে পারতাম তা বের করতে প্রতিটি লক্ষণ পরীক্ষা করে দেখা গুরুত্বপূর্ণ। আমরা আরও কিছু জানতে পারতাম কি না বা আমাদের জানা উচিত ছিল কি না এ প্রশ্নের উত্তর পেতে হবে আমাদের।’

আনুষ্ঠানিক তদন্তে আধা-স্বয়ংক্রিয় অস্ত্রের সহজলভ্যতা ও হামলার ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাকে ঘিরে তৈরি হওয়া প্রশ্নগুলোও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনের শেষ দিকে আরডার্ন জানান, তিনি চলতি সপ্তাহের শেষ দিকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে চীন যেতে পারেন। ক্রাইস্টচার্চ হামলার কারণে চীন সফরের সূচি সংক্ষিপ্ত করে একদিন করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।