মুক্তিযোদ্ধা ফারুক হত্যা মামলা, সাবেক এমপি রানার জামিন স্থগিত

টাঙ্গাইলের সাবেক আওয়ামী লীগ নেতা ও মুক্তিযোদ্ধা ফারুক হোসেন হত্যা মামলায় টাঙ্গাইলের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে হাইকোর্টের দেয়া জামিনের আদেশ স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত।

পাশাপাশি এ বিষয়ে ৩১ মার্চ শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছে আদালত। হাইকোর্টের দেয়া ওই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেন চেম্বার আদালতের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে রানার পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী সাইদ আহমেদ রাজা। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশিরউল্লাহ। এর আগে গত ১৪ মার্চ বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ রানাকে ছয় মাসের জামিনের এ আদেশ দেয়।

পরে ওই আদেশ স্থগিত চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। টাঙ্গাইলের দুই যুবলীগ নেতা হত্যা মামলায় ৬ মার্চ হাইকোর্ট থেকে জামিন পেলেও ১৪ মার্চ চেম্বার আদালতে হাইকোর্টের ওই আদেশ স্থগিত হয়ে যায়। ফলে দুই হত্যা মামলাতেই রানার জামিন আদেশ স্থগিত হয়ে গেল।

আওয়ামী লীগের টাঙ্গাইল জেলা কমিটির সাবেক সদস্য ও মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে ২০১৩ সালের ১৮ জানুয়ারি গুলি চালিয়ে হত্যা করা হয়। এই মামলায় সাবেক এমপি রানাকে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কারাগারে পাঠান আদালত। ২০১৭ সালের ১৩ এপ্রিল এ মামলায় হাইকোর্ট থেকে জামিন পেলেও রাষ্ট্রপক্ষের আবেদনে তার জামিন আপিল বিভাগে আটকে যায়।