ফেইসবুকে গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল শাখা ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। নাটোরের বড়াইগ্রামের নাজিমউদ্দিনের ছেলে গ্রেপ্তারকৃত আশেক আহমেদ (৪০) নিজেকে জাতীয়তাবাদী সাইবার দল নাটোর জেলা শাখার সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি পরিচয় দিয়েছেন। গত রবিবার রাতে রাজধানীর তেজগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব ৩-এর অধিনায়ক এমরানুল হাসান জানিয়েছেন।
গতকাল সোমবার দুপুরে কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে তিনি বলেন, আশেকের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা হয়েছে। ফেইসবুকে মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বিভ্রান্তিকর, বিতর্কিত ও কটাক্ষপূর্ণ মন্তব্য করে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী প্রপাগান্ডা চালিয়েছেন। তিনি জাতীয় নেতাদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও ছবি পোস্ট করেছেন। জিজ্ঞাসাবাদে আশেক জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে পড়ার সময় তিনি বঙ্গবন্ধু হলের ছাত্রদলের সহসভাপতি ছিলেন।
এমরানুল বলেন, ‘২০১০ সালে আশেক ইতালিতে চলে যান। ২০১৪ সালে দেশে ফিরে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন। এর আগে ফেব্রুয়ারিতে পুলিশ সাইবার অপরাধী হিসেবে তাকে আটক করেছিল। পরে মুচলেকা দিয়ে তিনি ছাড়া পান। তাকে এসব অপপ্রচারের বিষয়ে আগেই সতর্ক করা হয়েছিল। তিনি ইতালি থেকে ফিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গেও মিশে যাওয়ার চেষ্টা করেন।’