মানবতাবিরোধী অপরাধ

আপিল বিভাগে বিশেষ বেঞ্চ চায় তদন্ত সংস্থা

প্রায় তিন বছর ধরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে মানবতাবিরোধী অপরাধের কোনো মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়ায় হতাশা প্রকাশের পাশাপাশি একটি বিশেষ বেঞ্চ গঠনের সুপারিশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা।  গতকাল সোমবার রাজধানীর ধানমণ্ডিতে তদন্ত সংস্থার কার্যালয়ে ৬৯তম তদন্ত প্রতিবেদন প্রকাশের পর এ কথা বলেন সংস্থার প্রধান সমন্বয়ক আবদুল হান্নান খান ও জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান।

সংবাদ সম্মেলনে আবদুল হান্নান খান বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের মামলার সাক্ষী, ভুক্তভোগী, বিচারপ্রার্থী ও দেশের মানুষের আকাক্সক্ষা বিবেচনায় নিয়ে যুদ্ধাপরাধের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হওয়া প্রয়োজন। যেসব মামলা আপিল বিভাগে বিচারাধীন আছে সেসব মামলা নিষ্পত্তি না হওয়ায় বিচারপ্রার্থীদের পাশাপাশি আমাদেরও হতাশা আছে।’

তিনি আরও বলেন, ‘সরকারের নীতিনির্ধারক যারা আছেন তাদের প্রতি আমাদের পরামর্শ থাকবে মামলাগুলো নিষ্পত্তির জন্য তিনজন বিচারপতির সমন্বয়ে একটি বেঞ্চ গঠন করে দেওয়া হোক।’

তদন্ত সংস্থার জ্যেষ্ঠ সমন্বয়ক সানাউল হক খান বলেন, ‘প্রায় তিন বছর ধরে আপিল বিভাগে কোনো মামলা চূড়ান্ত পরিণতিতে যায়নি। একসময় ট্রাইব্যুনালে বিচারকাজ সম্পন্ন হওয়ার প্রায় সঙ্গে সঙ্গে সুপ্রিম কোর্টের আপিল বিভাগেও সমাধান হয়ে যেতে দেখেছি। এখন হয়তো আপিল বিভাগে কাজের বাড়তি চাপ হয়ে যাচ্ছে।’

তিনি আরও বলেন, ‘যদি চিফ প্রসিকিউটর অ্যাটর্নি জেনারেলের সহযোগিতা নিয়ে মামলাগুলো আপিলে প্রসিকিউট করেন, তাহলে এ সমস্যা সমাধানের পথ তৈরি হতো। এতে আইনগত কোনো বাধা থাকার কথা নয়।’