শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ, জবি ছাত্রের অনশন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষকের বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলে এর বিচার দাবিতে অনশন করেছেন এক শিক্ষার্থী। গতকাল সোমবার সকালে নাট্যকলা বিভাগের শিক্ষার্থী সুব্রত ঘোষ একই বিভাগের সহকারী অধ্যাপক শামস্ শাহরিয়ার কবি’র বিচার চেয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে আমরণ অনশনে বসেন। পরে দুপুরে সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিয়ে ওই শিক্ষার্থীর অনশন ভাঙায় বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।  সুব্রত ঘোষ দেশ রূপান্তরের কাছে অভিযোগ করেন, বিভাগে ভর্তি হওয়ার পর থেকেই শিক্ষক শামস শাহরিয়ার তার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে আসছেন। এসবের মধ্যে রয়েছে- শ্রেণিকক্ষে তাকে এড়িয়ে চলা, ব্যবহারিক ক্লাসে কোনো নির্দেশনা না দেওয়া, পরীক্ষায় নম্বর কম দেওয়া ও মানসিক হেনস্তা।

সুব্রত বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর প্রথম সেমিস্টারেই আমার শিক্ষাজীবন ধ্বংস করে দেবেন বলে হুমকি দিয়েছিলেন এই শিক্ষক। আমি এ ব্যাপারে বিভাগের চেয়ারম্যান বরাবর মৌখিক অভিযোগ দিলে আশ্বাস দিয়েই বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়।’

সুব্রতর অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শামস শাহরিয়ার কবি বলেন, ‘তার সাথে কখনো বৈষম্যমূলক আচরণ করিনি। আমি বলেছি, বিভাগের মোট ২০ জন ছাত্রের মধ্যে একজন যে সুবিধা পাবে, বাকি ১৯ জনও একই সুবিধা পাবে। আমাদের একটি ল্যাব সে ব্যবহার করেছে, তাহলে বাকি ১৯ জন কী অপরাধ করেছে। আমি তাকে বলেছিলাম, তুমি যেহেতু নিয়ম অমান্য করেছো তাই তোমাকে আমি কোনো নির্দেশনা দিতে পারব না। কিন্তু তোমার পরীক্ষা আমি নেব। এখানে আমরণ অনশন করার মতো কোনো ঘটনা আমি দেখছি না।’ এসব বিষয় বিভাগীয় চেয়ারম্যান জানতেন বলেও দাবি করেন শামস্ শাহরিয়ার। তবে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান কামালউদ্দিন খান দেশ রূপান্তরকে বলেন, ‘এ বিষয়ে আগে থেকে আমি কিছুই জানি না। আমার কাছে কখনো কোনো অভিযোগ আসেনি।’