স্বাধীনতা দিবস ও ৪৯তম জাতীয় দিবস উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। এরপর কিছু সময় তিনি সেখানে নীরবে দাঁড়িয়ে থাকেন।
এর আগে সকাল ৬টার দিকে প্রধানমন্ত্রী সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। তার আগে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
পরে দলের সভাপতি হিসেবে আওয়ামী লীগের নেতাদের নিয়ে আবারও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা।
সেখান থেকেই প্রধানমন্ত্রী যান ধানমন্ডি ৩২ নম্বর সড়কে।
এদিকে ভোরে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে ঢাকায় স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়। স্মৃতিসৌধ ও ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদনের পর্ব শেষে প্রধানমন্ত্রী পৌঁছান বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোর সমাবেশে।