দেশনেত্রী-গণতন্ত্রকে মুক্ত করতে হবে: স্মৃতিসৌধে মির্জা ফখরুল

জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে বিএনপি। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে মির্জা ফখরুল বলেন, “আমাদের চরম দুর্ভাগ্য যে আদর্শ, চেতনা নিয়ে আমরা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম আজকে সেই চেতনা এবং আদর্শ সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত হয়েছে।”

তিনি বলেন, “গণতন্ত্রকে হত্যা করে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার একটি চক্রান্ত প্রতিষ্ঠা লাভ করতে যাচ্ছে। জনগণের অধিকার হরণ করা হয়েছে। তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে, দেশের মানুষের জীবনের কোনো নিরাপত্তা নেই। আজকে সাধারণ মানুষের চলাফেরার কোনো নিরাপত্তা নেই, সড়কে কোনো নিরাপত্তা নাই।”

বিএনপি মহাসচিব বলেন, “আজকের মহান দিনে দেশের জনগণকে আমাদের স্বাধীনতার আদর্শ, লক্ষ্য ও চেতনাকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য শপথ নিতে হবে। আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী এবং গণতন্ত্রকে মুক্ত করতে হবে।”

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতা ড. মঈন খান, খন্দকার মোশারফ, সৈয়দ নজরুল ইসলামসহ অনেকে।