বিএনপি-জামায়াতের ষড়যন্ত্রের কারণে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব আলম হানিফ। মঙ্গলবার সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এসময় হানিফ বলেন, বিএনপি-জামায়াত পরিকল্পিতভাবেই বিভিন্ন সময়ে ২৫ মার্চ কালো রাতের গণহত্যা নিয়ে মিথ্যাচার করেছে। সবমিলিয়ে নানামুখী ষড়যন্ত্রের কারণে এবং ৭৫ পরবর্তী সময়ে যারা বাংলাদেশের ক্ষমতায় এসেছে তাদের ষড়যন্ত্রের কারণে আমরা এখন পর্যন্ত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করতে পারিনি।
তবে বর্তমানে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির জোরালো দাবি করেছি।
আশা করছি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতিসংঘ এ গণহত্যার স্বীকৃতি দেবে এবং এর সঙ্গে জড়িতদের মানবতাবিরোধী যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে।