ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় আহত ১২

ঝিনাইদহে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১২ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলার রূপদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (শৈলকুপ সার্কেল) তারেক আল মেহেদি জানান, উপজেলা নির্বাচনে ওই গ্রামে দুটি পক্ষ ছিল। মঙ্গলবার সকালে শৈলকুপা উপজেলা নির্বাচনে আনারস প্রতীকে বিজয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক রিপন লোকজন নিয়ে পরাজিত নৌকা প্রতীকের সমর্থক হান্নানের লোকজনদের উপর হামলা চালায়।

এতে নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।