খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অর্পণ চাকমা (২৮) নামে সংগঠনটির একজন কর্মী আহত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলা হাসপাতাল স’মিল এলাকায় এ ঘটনা ঘটে। ছয়-সাত রাউন্ড গুলি করা হলেও বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
ঘটনার পর পরই পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে গেলে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা পালিয়ে যায়। লক্ষ্মীছড়ি হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মুরাদ বলেন, আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই।
ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের সদস্য অর্পণ চাকমা (২৮) বলেন, আমরা ৪ জন ২টি মোটরসাইকেল যোগে স’মিল এলাকায় যাওয়ার সাথে সাথে সামনে থেকে ইউপিডিএফ’র(মূল) সন্ত্রাসীরা আমাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আমরা মোটরসাইকেল রেখে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে আসি।
লক্ষ্মীছড়ি থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, ঘটনাটি শোনার পরপরই ঘটনাস্থলে যাই। ঘটনাস্থল থেকে ২টি মোটরসাইকেল উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এছাড়াও ৩টি গুলির খোসা উদ্ধার করা হয়। লিখিতভাবে এ ঘটনার কোনো অভিযোগ হয়নি। তবে একটি সাধারণ ডাইরি রুজু করা হবে।