মধুপুর-চাপড়ি বাজার সড়ক বেহাল

টাঙ্গাইলের মধুপুর উপজেলার থানামোড় থেকে কুড়ালিয়া-টিকরী হয়ে চাপড়ি বাজার পর্যন্ত সাড়ে আট কিলোমিটার সড়কের কার্পেটিং ওঠে শত শত ছোট-বড় গর্ত আর খানাখন্দে ভরে গেছে। ঝুঁকি নিয়ে অটোরিকশা ও মোটরসাইকেল চলাচলা করলেও অন্য যানবাহন চলাচল অনেক আগেই বন্ধ হয়ে গেছে। এতে সড়কটির আশপাশের বাসিন্দা ও যাত্রী সাধারণের ভোগান্তির শেষ নেই।

টিকরী খোনকার এলাকার ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম আক্ষেপ করে বলেন, ‘গুরুত্বপূর্ণ এ সড়ক খানাখন্দের কারণে যানবাহন চলাচলে বিঘœ ঘটলেও কর্র্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।’

এ রুটে চলাচলকারী অটোরিকশা স্ট্যান্ডের সিরিয়ালম্যান রহিজ উদ্দিন বলেন, রাস্তা খারাপ হওয়ায় সহজে কোনো গাড়ি এ রাস্তায় যেতে চায় না। একবার আসা-যাওয়ার পর দেখা যায় গাড়ির কোনো না কোনো ক্ষতি হয়েছে। মালিকরা ক্ষতি পোষাতে না পেরে এই রাস্তায় যান চলাচল প্রায় বন্ধই রেখেছেন। হাতেগোনা কয়েকটা গাড়ি চলাচল করলেও গন্তব্যের শেষ পর্যন্ত যেতে পারছে না। তাতে যাত্রীদের আরও দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস বলেন, রাস্তাটি সংস্কারে ৫ কোটি ৩২ লাখ টাকা প্রাক্কলন করা হয়েছে। খুব শিগগিরই রাস্তার সংস্কার শুরু হবে।