রাজধানীর সিদ্ধেশ্বরীতে মনোয়ারা হাসপাতালের নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিক নিহত হয়েছেন। গত সোমবার রাত ৩টার দিক এ দুর্ঘটনা ঘটে। মনোয়ারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর গতকাল মঙ্গলবার সকাল ৭টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেনÑ আনিসুর রহমান (৩৫) ও আবুল বাশার (৫২)। আনিসুর চাঁদপুরের হাজীগঞ্জের মজিবর রহমানের ছেলে, আর নোয়াখালীর বেগমগঞ্জের খসপুর গ্রামের মৃত আবুল খায়েরের ছেলে বাশার। তারা রামপুরা পূর্ব লেনের ১২৭/বি নম্বর বাসায় থাকতেন।
নিহত আনিসুরের ভাই আরিফ রহমান জানান, নির্মাণাধীন ভবনে ভেকু মেশিন চালাতেন আনিসুর। তার সহযোগী ছিলেন বাশার। রাতে তারা দুজন ভেকু মেশিন দিয়ে মাটি কাটার কাজ করছিলেন। কাজ করার সময় মেশিনে থাকা অবস্থায়ই তারা দুজন বিদ্যুৎস্পৃষ্ট হন। প্রাথমিকভাবে তাদের মনোয়ারা হাসপাতালেই চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে সকালে ঢামেকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।