ব্যাংককে দুর্দান্ত রুমান সানা

থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য এশিয়া কাপ আর্চারি, ওয়ার্ল্ড র‌্যাংকিং টুর্নামেন্ট, স্টেজ ওয়ান আসরে ছেলেদের রিকার্ভ এককের র‌্যাংকিং রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স করে সেরা হয়েছেন বাংলাদেশের আর্চার রুমান সানা। গতকাল তিনি ৭২০ স্কোরের মধ্যে ৬৮১ স্কোর গড়ে ৬০ প্রতিযোগীর মধ্যে প্রথম হয়েছেন। বিদেশের মাটিতে র‌্যাংকিং রাউন্ডে এটাই রুমান সানার সেরা স্কোর। প্রত্যাশার চেয়েও ভালো শুরুর পর এখন বাকি রাউন্ডগুলোতে নিজেকে ধরে রাখাই হবে সানার জন্য বড় চ্যালেঞ্জ। সামনের রাউন্ডগুলোতে সানা কী করেন তা সময়ই বলে দেবে। তবে গতকাল থেকে শুরু হওয়া এই আসরের প্রথম দিনে বাংলাদেশ শিবিরে আলো হয়ে রইলেন দেশসেরা এই আর্চার।

র‌্যাংকিং রাউন্ডে ভালো করার পর নকআউট পর্বে দুটি বাই পেয়ে তৃতীয় রাউন্ডে ঠাঁই করে নিয়েছেন সানা। আগামীকাল তিনি থাইল্যান্ড অথবা ভারতের প্রতিযোগীর বিপক্ষে লড়বেন।

ছেলেদের রিকার্ভ এককে বাংলাদেশের অন্য দুই আর্চার হাকিম আহমেদ রুবেল ও ইমদাদুল হক মিলনও এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে বাই পেয়ে নাম লিখিয়েছেন শেষ ষোলোতে। রুবেল র‌্যাংকিং রাউন্ডে ৬৫৪ স্কোর গড়ে ২২তম এবং মিলন ৬৪১ স্কোর গড়ে ৩৫তম হয়েছেন। রিকার্ভ এককে ছেলেরা ভালো করলেও মেয়েরা হতাশ করেছেন। বাংলাদেশের তিন প্রতিযোগী দিয়া সিদ্দিকী, বিউটি রায় ও নাসরিন আক্তার নকআউট পর্বের প্রথম রাউন্ডেই নিজ নিজ ম্যাচে হেরে বিদায় নিয়েছেন। ছেলেদের রিকার্ভ টিম ইভেন্টে রুমান সানা, মিলন ও রুবেল র‌্যাংকিং রাউন্ডে ১৯৭৬ স্কোর করে চতুর্থ হয়েছেন। ৩০ মার্চ বাংলাদেশ দল কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে ফিলিপাইনের বিপক্ষে লড়বে। মেয়েদের রিকার্ভ টিম ইভেন্টে বাংলাদেশের বিউটি, নাসরিন ও দিয়া সিদ্দিকী র‌্যাংকিং রাউন্ডে ১৭৩০ স্কোর করে র‌্যাংকিংয়ে ১২তম হয়েছেন। আগামীকাল কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তারা মুখোমুখি হবে শক্তিশালী চাইনিজ তাইপের। মিক্সড টিম ইভেন্টে রুমান সানা ও দিয়া সিদ্দিকী র‌্যাংকিং রাউন্ডে ১২তম হয়েছেন। ৩০ মার্চ কোয়ার্টার ফাইনাল নির্ধারণী ম্যাচে ভিয়েতনামের মোকাবিলা করবে।

গত মার্চের প্রথমভাগে ঢাকায় অনুষ্ঠিত হওয়া তৃতীয় আইএসএসএফ আন্তর্জাতিক সলিডারিটি ওয়ার্ল্ড র‌্যাংকিং আসরে ফাইনালে উঠেও স্বর্ণপদক জেতা হয়নি রুমান সানার। মূল লড়াইয়ে মেজাজ হারিয়ে চাইনিজ তাইপের প্রতিযোগীকে কোনো চ্যালেঞ্জই জানাতে পারেননি। থাইল্যান্ড থেকে বাংলাদেশ দলের জার্মান হেড কোচ মার্টিন ফ্রেডরিক রুমান সানার পারফরম্যান্সের প্রশংসা করেছেন।

সানা দেশের মাটিতে না পারলেও সবাইকে অবাক করে দিয়ে রিকার্ভ মেয়েদের একক ইভেন্টে স্বর্ণপদক এনে দিয়েছিলেন দিয়া সিদ্দিকী। কিন্তু ব্যাংককে কাল পারলেন না এই নতুন আর্চার। অন্যদের পারফরম্যান্সও কোচকে খুশি করতে পারেনি, ‘মেয়েদের পারফরম্যান্স নিয়ে আমি সত্যি হতাশ। ওদের আরও ভালো করার কথা ছিল। এককে সম্ভাবনা শেষ হয়ে গেলেও দলগত ইভেন্টে এখনো ভালো করার সুযোগ আছে মেয়েদের সামনে।’