অর্জুন-মালাইকার বিয়ে ১৯ এপ্রিল

অবশেষে ঠিক হয়ে গেল, অর্জুন কাপুর ও মালাইকা আরোরার বিয়ের তারিখ। শোনা যাচ্ছে, সবকিছু ঠিক থাকলে ১৯ এপ্রিল বিয়ে করতে চলেছেন বলিউডের এই অসম জুটি।

স্পটবয় ওয়েবসাইটের এক প্রতিবেদন অনুযায়ী, অর্জুন-মালাইকার বিয়ে পারিবারিকভাবেই হতে যাচ্ছে। দুই পরিবার প্রথম দিকে রাজি না থাকলেও এখন কোনো আপত্তি নেই তাদের। বিশেষ করে অর্জুনের চাচা অনিল কাপুর বলছেন, ভাতিজার খুশিতে তিনি খুশি।

আরও জানা যায়, দীর্ঘ আলাপ আলোচনার পর মালাইকা ও অর্জুন রাজি হয়েছেন বিয়েতে ৷ শুধু তাই নয়, ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে নিমন্ত্রিতদের তালিকা। বলিউডের আরেক কাপুর পরিবারের সদস্য নায়িকা কারিনা কাপুর খান ও কারিশমা কাপুরই মালাইকার বিয়ের অনুষ্ঠানের পুরো দায়িত্ব নিয়েছেন।

বিয়েতে থাকছে না কোনো জমকালো আয়োজন। খুব ছিমছাম আনুষ্ঠানিকতা হবে। তবে বিবাহোত্তর সংবর্ধনায় নিমন্ত্রণ করা হবে বলিউডের প্রথম সারির সব তারকাদের।

এদিকে বিয়ের তারিখ ঠিক হওয়া নিয়ে এখনই মুখ খুলতে নারাজ অর্জুন-মালাইকা বা তাদের পরিবার।