রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডের সূত্রপাতের ভিডিও ফুটেজ তদন্ত কমিটি ও গণমাধ্যমকে দেওয়ায় রাজমহল রেস্টুরেন্টের মালিককে হত্যার হুমকি দিয়েছে ওয়াহেদ ম্যানশনের মালিক মো. হাসান।
এ ঘটনায় হোটেল মালিক মোহাম্মদ আজম চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
বুধবার মোহাম্মদ আজম দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমাকে গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান ফোন দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তিনি আমাকে দেখে নেবেন, খেয়ে ফেলবেন- এ ধরনের আরও অনেক কথা বলেছেন'। '
এ কারণে আমি ২৫ মার্চ চকবাজার থানায় একটি জিডি করেছি।’
তিনি জিডিতে উল্লেখ করেছেন, ‘মো. হাসান, পিতা: মৃত ওয়াহেদ, মাতা: অজ্ঞাত, বাসা নম্বর ৬৪. নন্দকুমার দত্ত রোড, চুড়িহাট্টা, চকবাজার, ঢাকা-১২১১। এই ব্যক্তি তার মোবাইল নম্বর থেকে ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে আমি বাসায় অবস্থানকালে ফোন করে। ফোনে সে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। সে আমার বড় ধরনের ক্ষতি করবে বলে বারবার বলতে থাকে। আমি তার কাছে কারণ জানতে চাইলে সে আমাকে অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজ ও ছবি রেকর্ড হওয়ার বিষয়টির কথা বলেন।’
মো. আজম বলেন, ‘আমি কাউকে কোনো ফুটেজ দিইনি। ঘটনার পর পুলিশ এসে আমার রেস্টুরেন্টে যা ছিল সব নিয়ে গেছে। তারপরও আমাকে হাসান দায়ী করছেন। তিনি এলাকার অনেককেই ফোন করে গালিগালাজ করছেন। আমি উপায় না পেয়ে জিডি করেছি।’
হুমকির বিষয়ে জানার জন্য ওয়াহেদ ম্যানশনের মালিক হাসান যে নম্বর থেকে ফোন করেছে তাতে ফোন করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে।
ওয়াহেদ ম্যানশন সংলগ্ন রাজমহল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সিসি ক্যামেরায় ধরা পড়া ফুটেজে দেখা গেছে, ২০ ফেব্রুয়ারি রাতে চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানশনের দ্বিতীয় তলায় বিস্ফোরণ হয়ে রাস্তায় আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তেই সড়কটি হয়ে পড়ে আগুনের নদী আর আগুন ধরে যায় পাঁচটি ভবনে। আর এতে প্রাণ হারায় ৭১ জন।
জিডির বিষয়ে ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার ইব্রাহীম খান জানান, আমরা বিষয়টির খোঁজ-খবর নিচ্ছি।