মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ার একটি থিম পার্কের দুটি নারী ভাস্কর্যের খোলা বুক কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। দেশটির রাজধানী জাকার্তার ওই পার্কে ১৫ বছর ধরে আছে মৎসকন্যার আদলে তৈরি ভাস্কর্য দুটি।
বিবিসির এক প্রতিবেদনে দেখা যায়, আঙ্কল ড্রিমল্যান্ড নামে থিম পার্কটির ওই ভাস্কর্য দুটির বুক সোনালি রঙা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রাচ্যের ধর্মীয় মূল্যবোধের প্রতি সম্মান জানিয়ে ভাস্কর্যের বুক ঢাকার এমন সিদ্ধান্ত নেয় পার্ক কর্তৃপক্ষ।
ভাস্কর্যের বুক কাপড় দিয়ে ঢেকে দেওয়ার এমন দৃশ্য চোখে পড়ার পর নাগরিক সমাজের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন, পার্ক কর্তৃপক্ষ বাধ্য হয়েই এমন সিদ্ধান্ত নিয়েছে কিনা?
পার্কের কর্মকর্তারা জানান, গত বছরেই পার্কে থাকা ওই নারী ভাস্কর্য দুটির খোলা বুক ঢেকে রাখার সিদ্ধান্ত নেয় তারা। তবে তারা বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেয়নি।
পার্ক কর্তৃপক্ষের মুখপাত্র রিকা লেসটারি বিবিসিকে বলেন, বাইরের কারও চাপে পড়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়নি। এটা একান্তই পার্কের ব্যবস্থাপনা পরিষদের সিদ্ধান্ত। পার্কটিকে পরিবারসহ দর্শনযোগ্য করে তোলার জন্য এমনটা করা হয়েছে।
তবে পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভাস্কর্য দুটির ভাস্কর ডোলোরোসা সিনাগা। তার মতে, পার্কের এমন সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষ শিল্পের সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হবে।