নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর বিপক্ষে অবস্থান নিয়ে দলের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মনিরুজ্জামান মনিরকে সমর্থন দিচ্ছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য ও কৃষক লীগ নেতা এবাদুল করিম বুলবুল। টিটু এ আসনের সাবেক সংসদ সদস্য কাজী আকবর উদ্দিন সিদ্দিকের ছেলে। মাস তিনেক আগে এ আসন থেকে নৌকা প্রতীকে নির্বাচিত হলেও সংসদ সদস্য এবার নিজেই নৌকা ডোবাতে সক্রিয় রয়েছেন বলে অভিযোগ উঠেছে। চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এ উপজেলায় নির্বাচন হবে।
নির্বাচনী প্রচার শুরুর দিকে উপজেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা দলীয় প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশ নেন। কিন্তু সম্প্রতি সংসদ সদস্যদের নির্দেশে দলীয় অনেক নেতাকর্মীই নৌকার বিরুদ্ধে কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি উপজেলার কয়েকটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের ডেকে নিয়ে ঢাকার একটি হোটেলে বৈঠক করেন বুলবুল। বৈঠকে তিনি বিদ্রোহী প্রার্থী মনিরুজ্জামানকে সমর্থন জানান। ওই বৈঠকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হালিম উপস্থিত ছিলেন।
এদিকে সংসদ সদস্য বুলবুলের ওই বৈঠকের পরের দিন গত সোমবার নবীনগর উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থনে নির্বাচনী সভা করে উপজেলা আওয়ামী লীগ। এতে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, নবীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল উপস্থিত থাকলেও সাধারণ সম্পাদক হালিম অনুপস্থিত ছিলেন।
ওই সভায় জহির সিদ্দিক টিটু অভিযোগ করেন, উপজেলার বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে ঢাকায় বৈঠক করে সংসদ সদস্য বুলবুল বিদ্রোহী প্রার্থীকে সমর্থন দিয়েছেন। নবীনগরে গ্রামের বাড়িতে এসেও দলীয় নেতাকর্মীদের ডেকে নিয়ে তিনি নৌকার বিরুদ্ধে কাজ করার নির্দেশ দিয়েছেন।
দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার ব্যাপারে জানতে চাইলে সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল বলেন, ‘আমি তো নিষ্ক্রিয়, সংসদ সদস্যরা কোনো নির্বাচনে সরাসরি ভূমিকা রাখতে পারেন না।’ ঢাকায় বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, বৈঠকটি মতবিনিময়ের জন্য ছিল।