‘পাহাড়ে সন্ত্রাসীদের আধিপত্য বরদাশত করা হবে না’

বাঘাইছড়ি হত্যাকাণ্ডের পেছনে আঞ্চলিক সংগঠনগুলোর আধিপত্যের অপচেষ্টার জবাব দেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি নিরীহ মানুষের ওপর সন্ত্রাসীদের আধিপত্য সরকার আর বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আবদুল মান্নান।

গতকাল বুধবার দুপুরে রাঙ্গামাটির বাঘাইছড়ি হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। পাহাড়ে কিছুদিন পরপর হত্যাকাণ্ডের পেছনে আঞ্চলিক সংগঠনগুলোর বিভক্তি ও আধিপত্য বিস্তারের প্রতিযোগিতাও দায়ী বলে মনে করেন তিনি।

তিনি আরও জানান, সন্ত্রাসীরা কেন নির্বাচনের দিন বেছে নিল তা খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের এ ঘটনা নির্বাচনের সঙ্গে যে সম্পর্কিত তা তারা বিবেচনায় নিচ্ছেন না। যতকিছু হোক এ ধরনের নিরীহ ও সরকারি দায়িত্বরত মানুষকে হত্যা করা সরকার আর বরদাশত করবে না। পাহাড়ের আঞ্চলিক দলগুলোর কোন্দল, নেতৃত্ব ও অর্থের দ্বন্দ্বের কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।

পরিদর্শনের সময় চট্টগ্রাম ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, খাগড়াছড়ি সেনা রিজিয়নের অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

পরে বাঘাইছড়ি সদরের মারিশ্যা বিজিবি জোনে নিহত ও আহতদের স্বজনদের আর্থিক অনুদান ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় যোগদান করেন তারা।

উল্লেখ্য, গত ১৮ মার্চ দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদের নির্বাচন শেষে ফেরার পথে বাঘাইছড়ির সাড়ে নয় কিলো নামক এলাকায় নির্বাচন সংশ্লিষ্টদের বহনকারী গাড়িতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ৭ জন নিহত ও ১৯ জন আহত হন।