লিওনেল মেসি খেলেছিলেন। তবু ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। মঙ্গলবার ইনজুরির কারণে মরক্কোর বিপক্ষে খেলেননি মেসি। তারপরও শেষ মুহূর্তের গোলে প্রীতি ম্যাচটি ১-০-তে জিতেছে আর্জেন্টিনা। সান্ত¡না জয়ের ফলে মনোবলও বেড়েছে তাদের। খেলা শেষ হওয়ার ৭ মিনিট আগে গোল করেছিলেন অ্যাঞ্জেল কোরেয়া। সাইডবেঞ্চ থেকে মাঠে নেমেই গোল পেলেন তিনি।
মঙ্গলবার জয় পেয়েছে ব্রাজিলও। দাপট দেখিয়ে ৩-১ গোলে তারা হারিয়েছে চেক রিপাবলিককে। এই ব্রাজিলই আগের ম্যাচে দুর্বল পানামার বিপক্ষে ড্র করেছিল। সেই ম্যাচের হতাশা মঙ্গলবার মুছে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস। একাই দুটি গোল করেছেন তিনি। এই ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল শোধ করেন রবের্তো ফিরমিনো। এরপরই জেসুসের একক প্রদর্শনীর গল্প।
প্রথমার্ধের ৩৭ মিনিটে চেক রিপাবলিকের পক্ষে গোল করেন ডেভিড পাভেলকা। তখন থেকেই গোল শোধের মরিয়া চেষ্টা চালায় ব্রাজিল। প্রথমার্ধে সফল হয়নি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সফল। সমতায় ফেরার পর আরও চাপ বাড়াতে থাকে সেলেকাওরা। শেষে চেক প্রজাতন্ত্রের ওপর চাপ বাড়ানোর সুফল তোলেন জেসুস। ম্যাচের ৮৩ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন তিনি। এর ৭ মিনিট পর আরও একটি গোল করেছেন জেসুস। অথচ তিনি শুরু থেকে খেলেননি। কুতিনহোর বদলি হিসেবে নেমেছিলেন। আর নেমেই প্রাগে চেক রিপাবলিকের বিপক্ষে দলকে জয় এনে দিলেন জেসুস। কোপা আমেরিকার প্রস্তুতিটাও সেরে নিল ব্রাজিল।
ম্যাচ জেতার পর কোচ তিতে বলেছেন, ‘আমাদের জন্য প্রথমার্ধটা অপেক্ষাকৃত কঠিন ছিল। আর পারফরম্যান্সও ধারাবাহিক ছিল না। দ্বিতীয়ার্ধে আমরা খেলায় পরিবর্তন এনেছিলাম। খেলোয়াড়রা নিজেদের মধ্যে তখন বেশি পাস খেলছিল।’ দুই গোল করা জেসুসেরও প্রশংসা করেছেন ব্রাজিলিয়ান কোচ তিতে, ‘আমি ওর মধ্যে এক ধরনের দৃঢ়তা দেখেছি। সে গোল পেয়েছে, গোলের সুযোগ তৈরি করেছে। আর ফিনিশিংটাও ছিল চমৎকার।’
পানামার বিপক্ষে নেইমারের অভাব বোঝা গিয়েছিল খুব। মঙ্গলবার চেক রিপাবলিকের বিপক্ষে অবশ্য তার অভাব বুঝতে দেননি জেসুসরা। প্রত্যেকেই প্রথমার্ধের পর একটা কর্তৃত্ব নিয়ে খেলেছেন। ফলে কোপা আমেরিকা শুরুর আগে সর্বশেষ ওয়ার্মআপ ম্যাচে আত্মবিশ্বাস ফিরে পাওয়া এক জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। চলতি বছর ১৪ জুন শুরু হবে কোপা আমেরিকার এই টুর্নামেন্ট। তিতে বলেছেন, ‘আমরা গত দুই ম্যাচের (পানামা ও চেক প্রজাতন্ত্র) পারফরম্যান্স অবশ্যই পর্যালোচনা করব। কিন্তু কোপা আমেরিকার দল বাছাইয়ের জন্য আমরা আরও অনেক সময় পাচ্ছি।’