ভুলের মাশুল দিল পাঞ্জাব

ভুল বললে কম বলা হয়। এমন শিশুসুলভ ভুল এই পর্যায়ের ক্রিকেটে গ্রহণযোগ্যও নয়। গতকাল ইডেনে তেমন এক ভুলের মাশুল দিয়েছে কিংস ইলেভেন পাঞ্জাব। মাত্র ৩ রানে আন্দ্রে রাসেল আউট হয়েছিলেন। ম্যাচের ১৭তম ওভারে তখন বল করছিলেন মোহাম্মদ সামি। আম্পায়ার তখন ৩০ গজের বৃত্তের খেলোয়াড় সংখ্যা গুনে দেখেন তিনজন। অথচ থাকার কথা চারজন। ফলে নো বল ডাকেন আম্পায়ার। সৌভাগ্যক্রমে আবার ব্যাটিং শুরু করেন রাসেল। ফ্রি-হিটে এক রান নেন। পরে যে ১১ বল খেলেছেন রাসেল সেই স্কোরগুলো এখানে সাজিয়ে দেওয়া হলোÑ১, ৬, ৪, ৪, ৬, ৬, ৬, ৬, ৪, ১, আউট। পাঞ্জাবের বিপক্ষে তুফান তুলে মাত্র ১৭ বলে ৪৮ রান করেন ক্যারিবিয়ান তারকা। ফলে আইপিএলে নিজেদের দ্বিতীয় ম্যাচে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ২১৮ রান করে কলকাতা নাইট রাইডার্স। জবাবে ৪ উইকেটে ১৯০ রানে থামে পাঞ্জাব। নিজেদের মাঠে ২৮ রানের সহজ জয় পায় কলকাতা। প্রথম ম্যাচে তারা সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে রাসেল ঝড়েই জিতেছিল।

ইডেনে গতকাল টস জিতেছিলেন কেকেআর অধিনায়ক দিনেশ কার্তিক। ওপেনার ক্রিস লিন ১০ রান করেন। মাত্র ৯ বলে ২৪ করে আউট হন সুনীল নারিন। এরপর জুটি গড়েন রবিন উত্থাপ্পা আর নিতিশ রানা। তৃতীয় উইকেটে তারা ১১০ রান তোলেন। ৫০ বলে ৬৭ রান করে অপরাজিত ছিলেন উত্থাপ্পা। ৩৪ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন নিতিশ রানা। গতকাল ইনিংসে ৭টা ছক্কা মেরেছেন তিনি। শেষের দিকে রাসেল এসে রানার ঝড়কে আরও জোরালো করেন। আর তাতেই উড়ে গেছে পাঞ্জাব।
ইডেনে পাঞ্জাব ২১৯ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুতেই কেএল রাহুলকে হারায়। এরপর প্রথম ম্যাচের নায়ক ক্রিস গেইল ২০ রান করে আউট হলে জয়ের আশা কমতে থাকে পাঞ্জাবের। ৫৯ রানে অপরাজিত থেকে যথাসাধ্য চেষ্টা করেছিলেন ডেভিড মিলার। ৫৮ রান করেন মায়াঙ্ক আগারওয়াল। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট ছিল না।