রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধীন বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গতকাল বুধবার বিকেলে রাজশাহী শহরের হেতেম খাঁ এলাকায় জাদুঘরটি ঘুরে দেখেন তিনি। এ সময় জাদুঘরে সংরক্ষিত বইয়ে সই করেন মার্কিন রাষ্ট্রদূত।
পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শহীদ স্মৃতি সংগ্রহশালা পরিদর্শন করেন আর্ল রবার্ট মিলার। বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা ও অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং বরেন্দ্র গবেষণা জাদুঘরের পরিচালক অধ্যাপক এ আর এম আবদুল মজিদ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) মাদক ও জঙ্গিবাদবিরোধী এবং নারীর ক্ষমতায়ন শীর্ষক তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির পরিচালক হাসিবুল আলম প্রধান, প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান ও সহকারী প্রক্টর শিবলী ইসলাম প্রমুখ।
একইদিন দুপুরে বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের তালাইমারী ক্যাম্পাসে ‘আমেরিকান কর্নার’ এর উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, ‘ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেটে আমেরিকান কর্নার রয়েছে। শিক্ষা নগরী রাজশাহীতেও এটি চালু করা হলো।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত ও বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক সাইদুর রহমান খান।