মোটরসাইকেল ট্যাংকের লিকেজ থেকে আগুন, দগ্ধ ১

রাজধানীর তুরাগ বাউনিয়া এলাকায় মোটরসাইকেলের তেলের ট্যাংকের লিকেজ থেকে আগুনে এক ব্যক্তি দগ্ধ হয়েছেন। দগ্ধ কাজী নজরুল ইসলাম (৩৫) একটি কোম্পানির গাড়িচালক। গতকাল বুধবার দুপুরে নিজ বাসায় এ ঘটনা ঘটে। নজরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তার স্ত্রী শিউলি আক্তার বলেন, ‘দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাসায় আসেন নজরুল। কিছুক্ষণ পর হঠাৎ তার চিৎকার শুনতে পাই। বাইরে গিয়ে তার জামাকাপড়ে আগুন জ্বলতে দেখি। তাৎক্ষণিক আগুন নিভিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।’

জিএমই গ্রুপের গাড়িচালক নজরুল বলেন, ‘মোটরসাইকেলের তেলের ট্যাংকে লিকেজ ছিল। দুপুরে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরে তেলের ট্যাংকটি খোলার চেষ্টা করছিলাম। ইঞ্জিন গরম থাকায় হঠাৎ তাতে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে তেল ছিটে শরীরে এসে আগুন ধরে যায়।’