মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর পুরাতন বিমানবন্দরে সেনা, নৌ ও বিমানবাহিনীর সমরাস্ত্র প্রদর্শনী চলছে। গত রবিবার প্রদর্শনীর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের দিন রাষ্ট্রপতি আবদুল হামিদ এটি পরিদর্শন করেন। স্বাধীনতা দিবসে গত মঙ্গলবার প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত করা হয়।
সমরাস্ত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে আছেন লজিস্টিক এরিয়া কমান্ডার মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই নিয়ে গতকাল বুধবার পুরাতন বিমানবন্দরে এক সংবাদ সম্মেলনে মেজর আমিনুর রহমান বলেন, ‘আমাদের এই প্রদর্শনীতে মোট ৩২টি স্টল রয়েছে। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় সমরাস্ত্রগুলো আরও আধুনিকভাবে সংরক্ষণ করতে পেরেছি। এই সমরাস্ত্র প্রদর্শনী সর্বসাধারণের জন্য উন্মুক্ত।’
এ প্রদর্শনী আগামী ৩১ মার্চ পর্যন্ত সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সবার জন্য খোলা থাকবে। ৩০ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শুধু ঢাকা শহরের স্কুল-কলেজের শিক্ষার্থীরা এতে প্রবেশ করতে পারবে। ৩১ মার্চ দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত সশস্ত্র বাহিনীর পরিবারের সদস্য ও সামরিক বাহিনীর অধীন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য সমরাস্ত্র প্রদর্শনী পরিদর্শনের বিশেষ ব্যবস্থা করা হয়েছে। প্রদর্শনী এলাকা পরিদর্শনের সময় কোনো ধরনের ব্যাগ, মোবাইল বা ক্যামেরা বহন করা যাবে না। প্রদর্শনীতে ৫৫টি স্টল রয়েছে।