দুলাভাইয়ের হাতে শ্যালক খুন, স্ত্রী-শাশুড়ি আহত

গাজীপুরে এক ব্যক্তির চাপাতির কোপে নিহত হয়েছে তার শ্যালক, গুরুতর আহত হয়েছে ওই ব্যক্তির শাশুড়ি ও স্ত্রী। গত মঙ্গলবার রাতে দক্ষিণ সালনা এলাকায় এ ঘটনা ঘটেছে। নিহত আশিকুর রহমান (১৮) জোলারপাড় এলাকার আল আমিনের ছেলে। পোড়াবাড়ী সাবেরিয়া দাখিল মাদ্রাসা থেকে এবার দাখিল পরীক্ষা দিয়েছে সে।

আশিকের মা আসমা বেগম এবং বোন আজমিন আক্তারকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মুসা আলম (৪৫) পলাতক।

হতাহতদের স্বজনদের উদ্ধৃতি দিয়ে গাজীপুর সদর থানার ওসি সমীর চন্দ্র সূত্রধর দেশ রূপান্তরকে জানান, আজমিন আক্তার স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। আর মুসা কাঁচামালের ব্যবসায়ী। উত্তর সালনা এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন তারা। গাইবান্ধা সদর উপজেলার মোল্লার চর এলাকার জাবেদ আলমের ছেলে মুসা আগেও একটি বিয়ে করেছিলেন। আজমিন আক্তারের সঙ্গে তার বিয়ে হয় ছয় বছর আগে।  

ওসি সমীর চন্দ্র বলেন, ‘এই দম্পতির মধ্যে প্রায়ই কলহ হতো। প্রতিমাসেই মুসা তার স্ত্রীর বেতনের টাকা চাইতেন। কিন্তু স্ত্রী সব টাকা দিতে রাজি হতেন না। মঙ্গলবার এই নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে মুসা মারধর করলে আজমিন তার মা-ভাইকে খবর দেন। পরে আসমা ও আশিক ওই বাসায় গিয়ে ঘটনা শুনে আজমিনকে নিয়ে নিজেদের বাসার দিকে রওনা হন। পথে দক্ষিণ সালনা পূর্বপাড়া এলাকায় মুসা পেছন থেকে এসে আশিকের ঘাড়ে চাপাতির কোপ দেন। এ সময় মা ও বোন তাকে বাঁচাতে এগিয়ে গেলে মুসা তাদেরও আঘাত করে পালিয়ে যান।’

পরে এলাকাবাসী তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আশিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি সমীর চন্দ্র। এ ঘটনায় আসমা বেগম বাদী হয়ে একটি মামলা করেছেন।