শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশাল বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সকল হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের স্বাক্ষরে এক নোটিসে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ।
নোটিসে বলা হয়, স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে’ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বৃহস্পতিবার থেকে ক্লাস, পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সকল হলের আবাসিক ছাত্র-ছাত্রীদের বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগ করতে হবে।
গত ২৬ মার্চ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাদ দিয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান করার প্রতিবাদ জানান শিক্ষার্থীরা। এর প্রেক্ষিতে ওইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একটি কর্মসূচিতে উপাচার্যের একটি মন্তব্যকে কেন্দ্র করে শিক্ষার্থীদের মাঝে বিক্ষোভের সৃষ্টি হয়।
শিক্ষার্থীরা উপাচার্যের বক্তব্য প্রত্যাহারসহ ৫ দফা দাবি মেনে না নেওয়ায় ক্লাস ও পরীক্ষা বর্জন করে বিক্ষোভ করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্যাম্পাস অচল করে দিয়ে বিক্ষোভ কর্মসূচি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।