রণবীর প্রসঙ্গে আলিয়ার মা মুখ খুললেন

রণবীর কাপুর ও আলিয়া ভাটের সম্পর্ক কাপুর পরিবার মেনে নিয়েছেন এটা সবারই জানা। বিশেষ করে রণবীরের মা নীতু কাপুর সিং তো উচ্ছ্বাস লুকাতে পারছেন না। কিন্তু এ বিষয়ে নায়িকার মা কী ভাবছেন?

সম্প্রতি এ প্রশ্নে সরাসরি জবাব দিলেন আলিয়ার মা সোনি রাজদান। তিনি বলেন, ‘‘রণবীর ভালো ছেলে। কিন্তু আলিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে আমি প্রকাশ্যে আলোচনা করব না।”

এ অভিনেত্রী বলেন, “আলিয়া আগে যাদের সঙ্গে প্রেম করেছে বা ভবিষ্যতে যদি কারো সঙ্গে প্রেম করে, সেটা তার সিদ্ধান্ত। তার জীবন, সিদ্ধান্ত সে-ই নেবে। মা হিসেবে আমি সব সময় ওর পাশে ছিলাম, থাকব। ও ভালো থাকলেই আমার ভালো লাগবে।”

বোঝা যাচ্ছে, আলিয়ার সম্পর্ক নিয়ে অখুশি নন সোনি। এর আগে বাবা মহেশ ভাটও মেয়ের প্রশংসা করেছেন।

এছাড়া শোনা যাচ্ছে, এপ্রিলে কাপুর ও ভাট পরিবারের সদস্য একসঙ্গে বসবেন। তখন ঠিক হবে দুই তারকার বিয়ের দিনক্ষণ।