বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ ও সাবেক সহ অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই দুই ক্রিকেটারের নিষেধাজ্ঞার সময়সীমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। অর্থাৎ শুক্রবার থেকে মুক্ত এই দুজন।
আন্তর্জাতিক ক্রিকেটে খেলতে আর বাধা নেই স্মিথ ও ওয়ার্নারের। তবে নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও সহসাই জাতীয় দলের জার্সি গায়ে জড়ানো হচ্ছে না তাদের।
এই মুহূর্তে দুবাইতে পাকিস্তানের বিপক্ষে একদিনের সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ইতিমধ্যে ৩-০ তে নিজেদের করেছে অজিরা। সিরিজে এখনো দুটি ওয়ানডে বাকি। শুক্রবার ও রোববার সেই ম্যাচ। তবে এই সিরিজের দলে নেই স্মিথ ও ওয়ার্নার।
এরপর দ্রুতই আন্তর্জাতিক সূচিতে অস্ট্রেলিয়ার কোনো টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি নেই। তাই বিশ্বকাপ পর্যন্ত অপেক্ষা। সেই দলে এই দুই ক্রিকেটার থাকবেন বলেই ধারণা করা হচ্ছে।
স্মিথ ও ওয়ার্নার দুজনই এখন আইপিএলে খেলছেন। স্মিথ খেলছেন রাজস্থান রয়্যালসে, ওয়ার্নার হায়দরাবাদে। তবে আইপিএল খেলতে ভারতে পা রাখার আগে দুবাইয়ে অস্ট্রেলিয়া দলের সঙ্গে যোগ দিয়েছিলেন স্মিথ ও ওয়ার্নার।
দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য দুই ক্রিকেটারকেই দুবাই যেতে বলেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। সেখানে গিয়ে সতীর্থদের সঙ্গে দেখা করেছেন তারা দুজন। বিশ্বকাপের দলে সুযোগ পেতে অবশ্য আইপিএলই দুজনের জন্য প্রমাণের মঞ্চ।
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল টেম্পারিং কাণ্ডে এক বছরের জন্য নিষিদ্ধ হন স্মিথ ও ওয়ার্নার। একই ঘটনায় নয় মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন ক্যামেরন ব্যানক্রফট। তিনি মুক্ত হয়েছেন আগেই।