বনানীর এফ আর টাওয়ারে আগুন লাগার পর নিখোঁজদের খুঁজে বেড়াচ্ছেন স্বজনরা। বৃহস্পতিবার দুপুর ১টায় আগুন লাগে। এরপর বিকেল ৫টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ পর্যন্ত ১৮ জনের মরদেহ পাওয়া গেছে বলে গুলশান থানা পুলিশ জানায়।
বিকেলে আগুন নিয়ন্ত্রণ আসার পর নিখোজেঁর স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাদের খুঁজতে থাকেন। কেউ কেউ কোনো হাসপাতালে স্বজনকে না পেয়ে আবার পোড়া ভবনের কাছে ফিরে আসেন।
অগ্নিকাণ্ডের সময় ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে নিহত মাকসুদর রহমানের খাল সাকিনা হক জানান, ভবনের ১০ম তলায় মাকসুদর রহমান এবং তার স্ত্রী রোমকি রহমান হেরিটেজ ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিল। তাদের বাসা পুরান ঢাকার গেন্ডেরিয়ায়। মাকসুদের লাশ সনাক্ত করতে পারলেও রোমকি রহমানকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না।
এ ছাড়া আসিফ সিদ্দিকি আবিরের এক বন্ধু ঘটনাস্থলে এসে জানান, আবিরকে কোথাও পাওয়া যাচ্ছে না। হাসপাতালেও তাকে পাওয়া যায়নি। সর্বশেষ দেড়টার দিকে তার অবস্থান জানা গিয়েছিল।
আরেক নারীর আত্মীয় বলেন, নিখোঁজ ওই নারীর ফোন বাজলেও তা কেউ ধরছে না।