বর্তমান সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সরকারকে পদত্যাগ করতে হবে এবং তা এখনই।
তিনি বলেন, বুকের পাটা থাকলে সরকার একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিয়ে দেখিয়ে দিক। এখনই সরকারের পরিবর্তন চাই। কারণ এ সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কৃষক শ্রমিক জনতা লীগের উদ্যোগে মহান স্বাধীনতা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।
কামাল হোসেন জোর দিয়ে বলেন, সরকারকে পদত্যাগ করতে হবে এবং তা এখনই করতে হবে। সরকার যে উন্নয়নের কথা বলে তা সামরিক শাসন আইয়ুব-ইহাহিয়ারা বলত। এই সরকারের মুখে উন্নয়নের কথা মানায় না। কারণ তারা পাকিস্তানি স্বৈরশাসনকে ছাড়িয়ে গেছে।
তিনি দাবি জানিয়ে বলেন, সরকার দেশের যেসব উন্নয়নের কথা বলছে, যেসব প্রকল্পের কথা বলছে, মূল্য বলেন, ঋণ বলেন, ঋণ শোধ করতে কতদিন লাগবে- এসব তথ্য আমাদের দিন। উন্নয়নের প্রকল্পের হিসাব জনগণকে দিন।
সভায় প্রধান আলোচক বিএনপি মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের মুখে বাকশালের প্রশংসা শুনে জনগণ আতঙ্কিত। দেশের জনগণ উৎকণ্ঠায় আছে। সরকার এখন দেশ বাকশালের দিকে নিয়ে যাচ্ছে। কারণ তারা বুঝতে পারছে জনগণ তাদের সঙ্গে নেই। দেশের মানুষ কখনো একদলীয় শাসন মেনে নেবে না। দেশের মানুষ সবসময় প্রতিবাদ করেছেন, বিজয় ছিনিয়ে এনেছেন।
তিনি বলেন, দেশের গণতন্ত্রের প্রতীক খালেদা জিয়া। আজকে তাকে সরকার কারারুদ্ধ করে রেখেছে। যিনি সারাজীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন। আজকে যে কারাভোগ করছে তাও গণতন্ত্রের জন্য। আসুন আজকের এই দিনে আমরা ঐক্যবদ্ধ হই, ঐক্যকে প্রসারিত করি। জনগণের বিজয় ছিনিয়ে নিয়ে আসি।
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, নিজেদের মধ্যে ঐক্যের বন্ধন অটুট রেখেই বৃহত্তর কর্মসূচি নিয়ে আসবে জাতীয় ঐক্যফ্রন্ট। যতক্ষণ পর্যন্ত স্বৈরাচার হটিয়ে গণতন্ত্রের বিজয় নিশ্চিত না হয়। ততক্ষণ পর্যন্ত ঐক্যফ্রন্ট আছে, ঐক্যফ্রন্ট থাকবে।
সভাপতির বক্তব্যে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ভবিষ্যতে বর্তমান সরকার ও এর নির্বাচন কমিশন ক্রেন দিয়েও ভোটারদের আর ভোট কেন্দ্রে নিতে পারবে না। দেশের গণতন্ত্র আজ অবরুদ্ধ, মানুষ মন খুলে কথা বলতে পারছে না। জনগণের অর্থনৈতিক মুক্তি আসেনি।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু, নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, জগলুল হায়দার আফ্রিক, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরিন সিদ্দিকী, যুগ্ম-সম্পাদক প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী।