বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফ আর টাওয়ারে ভয়াবহ আগুন লাগার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে ফায়ার সার্ভিস। উদ্ধার তৎপরতায় পর্যাপ্ত যন্ত্রের অভাব ও সঠিক সময়ে উদ্ধার মই না খোলায় অনেকে সমালোচনা করেন।
নাটকের দল 'বটতলা'র সংগঠক মোহাম্মদ আলি হায়দার তার ফেসবুকে লিখেছেন, 'যারা বলছেন মানুষের ঠেলায় ফায়ার সার্ভিস ও এম্বুলেন্স ঢুকতে পারে নাই্ সেটা ডাহা মিথ্যা। মানুষ অনেক সহযোগিতা করেছে'।
বৃহস্পতিবার ১টার দিকে এফ আর ভবনে আগুন লাগে। এ ঘটনায় এখন পডর্যন্ত ১৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
আলি হায়দার তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'ফায়ার সার্ভিস গাড়ি নিয়ে আসছে ১২:৪৫ এ যেটা ৩ তলার উপর পানি দিতে পারে না। তার আধা ঘন্টা পর একটা গাড়ি আসল যেটার মই ৯ তলায় উঠে। সেই মই আর খোলে না'।
'তার ৪৫ মিনিট পর আরেকটি গাড়ি আসে যেটার মই ৯ তলা উঠে সাথে সাথেই কয়েকজনকে উদ্ধার করে। কিন্তু এই ১ ঘন্টায় আগুন অন্য তলাগুলোতে ছড়িয়ে যায়। এটা বিল্ডিংয়ের এক দিকের অবস্থা বললাম'।
তিনি আরো লেখেন, '২টার পর থেকে আরো অনেক ফায়ার সার্ভিস এর গাড়ি আসে উদ্ধার কাজ তরান্বিত হয়। তবে আশেপাশের বিল্ডিংয়ের মানুষজন তাদের সহকর্মীদের জন্য অপেক্ষাসহ ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঢুকতে ব্যাপক সহযোগিতা করেছেন। উৎসুক জনতাদের যারা গালি দিচ্ছেন ভুল করছেন'।