রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারে বই নিয়ে প্রবেশাধিকারের দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে তারা এ দাবি জানান।
মানববন্ধন থেকে তারা আরও বেশ কয়েকটি দাবি জানান। তাদের অন্য দাবিগুলো হল- সপ্তাহে সাত দিন গ্রন্থাগার খোলা রাখা, গ্রন্থাগার সংস্কার করে আসন সংখ্যা বৃদ্ধি, প্রতিবছর নতুন বই সংযোজন, যুগোপযোগী ও মানসম্মতভাবে গ্রন্থাগারকে ডিজিটালাইজড করা, সম্পূর্ণ গ্রন্থাগার শীততাপ নিয়ন্ত্রিত করা, দ্রুতগতির ইন্টারনেট সার্ভিস এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা।
মানববন্ধনে বক্তারা বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার শুধুমাত্র বিষয় ভিত্তিক পড়াশোনার জায়গা হতে পারে না। গ্রন্থাগারকে বিশ্ববিদ্যালয়ের প্রাণ হিসেবে কল্পনা করা হয়। এখান থেকে শিক্ষার্থীরা সব ধরনের শিক্ষা গ্রহণ করবে। হতে পারে সেটা একাডেমিক কিংবা চাকরির। কিন্তু দুঃখের বিষয় আমাদের কেন্দ্রীয় গ্রন্থাগারকে একমুখী শিক্ষার উপযোগী করে রাখা হয়েছে।
বক্তারা আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজস্ব বই নিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশ করতে না পারায় তাদের হুমড়ি খেয়ে পড়তে হয় গ্রন্থাগারের বারান্দায়। এটি সত্যিই দুঃখজনক। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি থাকবে তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে কেন্দ্রীয় গ্রন্থাগারে যেন বই নিয়ে প্রবেশাধিকারের অনুমতি প্রদান করেন।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু’র সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া, সহ-সভাপতি সাদ্দাম হোসেন, হাবিবুল্লা নিক্সন, যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার অর্ক, ইমরান খান নাহিদ, ইমতিয়াজ আহমেদ, প্রচার সম্পাদক কামরুল হাসান, কলা অনুষদের সহ-সভাপতি আব্দুল লতিফ প্রমুখ। মানববন্ধনে শাখা ছাত্রলীগের প্রায় তিন শতাধিক নেতা-কর্মী অংশগ্রহণ করেন।